সংরক্ষিত বন রক্ষায় উদ্বেগ: লামা বন বিভাগে মো: সাজ্জাদুজ্জামানের বদলি ঘিরে নানা প্রশ্ন, নীতিমালা বিতর্ক ও পরিবেশগত ঝুঁকি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ ১৯:২৪:০৯

​পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ শাখা থেকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখে (১১ অগ্রহায়ণ ১৪৩৩) স্মারক নং- ২২.০০.০০০০.০৬৮.১৯.০০২.২৪.৩১৮ মূলে জারিকৃত এক প্রজ্ঞাপনে পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামানকে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে, যা নিয়ে বন ও পরিবেশ খাতে ব্যাপক আলোচনা, সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে গোপালগঞ্জের বাসিন্দা এই কর্মকর্তা টাঙ্গাইল বন বিভাগে দায়িত্ব পালনকালে ঐতিহ্যবাহী শাল বন ধ্বংস, দলীয় নেতাদের কাছে বনের জমি বিক্রি, প্রভাবশালী ব্যবসায়ীদের ঘিরে জমির সীমানা নির্ধারণের নামে বনের জমি টাকার বিনিময়ে বেহাত করা এবং সুফল প্রকল্পের অর্থ লুটপাটে জড়িত ছিলেন, অথচ সরকার পরিবর্তনের পরও তিনি বহাল তবিয়তে একের পর এক প্রভাবশালী ও লাভজনক পদায়ন বাগিয়ে নিচ্ছেন। পটপরিবর্তনের পর রাঙ্গামাটি অঞ্চলের পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ে পোস্টিং নিয়ে অবৈধভাবে টেবিল জোতের মাধ্যমে প্রতিমাসে লক্ষাধিক জোত ইস্যু করে ভুয়া ডি-ফরম ও টিপির আড়ালে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, যা পাহাড়ি বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক বনের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।

পরিবেশবিদ, বন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি বনাঞ্চলের জীববৈচিত্র্য, জলপ্রবাহ, মাটির ক্ষয়রোধ ও জলবায়ু ভারসাম্য রক্ষায় লামা বন বিভাগের লক্ষাধিক হেক্টরের বেশি সংরক্ষিত বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এমন স্পর্শকাতর ও বিশাল বনভূমির দায়িত্ব বিতর্কিত কর্মকর্তার হাতে যাওয়ায় বন সম্পদ কতটা অক্ষত ও সুরক্ষিত থাকবে তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের মাঝে গভীর শঙ্কা দেখা দিয়েছে।

পাশাপাশি বন অধিদপ্তরের বদলি নীতিমালা অনুযায়ী পাহাড় থেকে পাহাড়ে কিংবা রাঙ্গামাটি অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে ও চট্টগ্রাম অঞ্চল থেকে রাঙ্গামাটি অঞ্চলে কর্মকর্তা-কর্মচারীদের বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নিয়মকানুন ও সীমাবদ্ধতা থাকলেও অভিযোগ উঠেছে যে সাজ্জাদের কথিত অবৈধ অর্থ ও প্রভাবের কাছে সেই নীতিমালা উপেক্ষিত হয়েছে, এমনকি বদলির অনেক আগে থেকেই তিনি ঢাকায় ঘুরাঘুরি ও তদবির চালাচ্ছিলেন বলে বন অধিদপ্তরের একাধিক কর্মকর্তার দাবি। অভিযোগে আরও বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি ঢাকা শহরে অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন এবং নিজ এলাকা গোপালগঞ্জে ছয়তলা বিলাসবহুল বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন, যার তদারকি ও দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনস্থ পাল্পউড বাগান বিভাগ কাপ্তাইয়ের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো: সাইফুল ইসলাম দেওয়ানকে।

পাহাড়ের সংরক্ষিত বনভূমি, বন্যপ্রাণী ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই বদলির আদেশ, নীতিমালার প্রয়োগ এবং উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করে স্বচ্ছ তদন্ত ও যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।