পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ ১৫:০৮:৩৮  আপডেট :  নভেম্বর ২৫, ২০২৬ ১৫:১০:০৭

দীর্ঘ আলোচনা, দর কষাকষি ও গোপন ভোটের পরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে।

নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।