দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২০:১৮:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস রচনা করেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। ভারত সরকার এখনো এর কোনো জবাব দেয়নি।