নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন খুলনা রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শিশুটি একা থাকাকালে অভিযুক্ত রবিউল ইসলাম তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ।
পরে শিশুটির বাবা-মা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের বসতঘরের ভেতরে কাঁথায় মোড়ানো রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহম্মেদ ও নড়াইলের পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
