জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ১৯:১৭:৩৮

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ জুলাই) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। এই সুযোগে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা নিশ্চিত করবে।

১৬ জুলাইয়ের এই দিবসটি উদযাপনে র‍্যাবের বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে-

সমন্বিত নিরাপত্তা ও নজরদারি: নিরাপত্তা হুমকিজনিত স্থানগুলো পর্যালোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি র‍্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে।

গোয়েন্দা তৎপরতা ও সোর্স নিয়োগ: গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সাদা পোশাকে নজরদারি ও চেকপোস্ট: দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে র‌্যাবের দৃশ্যমান টহল কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ সমূহের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড: রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ টিমগুলোকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে ‘জুলাই শহীদ দিবস’-কে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া উক্ত সময়ে যেকোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা, মেট্রেপলিটন এলাকা বা থানা ভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে র‌্যাব।

এজেএ