আর্জেন্টিনার স্পেশাল অনুরোধ রাখল ফিফা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ১৮:০১:০৯

বিশ্বকাপের সেমিফাইনালে আগামীকাল রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই ম্যাচ ঘিরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাছে একটা অনুরোধ জানিয়েছিলেন মেসিরা। সেমিফাইনালের আগের দিন মেসিদের সেই অনুরোধ মেনে নিয়েছে ফিফা।

আর্জেন্টিনা দল মূলত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরেই খেলে। কিন্তু তারা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গাঢ় নীল পোশাকে খেলার অনুরোধ জানিয়েছিল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে এই জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।

ম্যাচে স্বাগতিক দল হিসেবে বিবেচিত ইংল্যান্ড তাদের প্রচলিত সাদা জার্সি পরবে। আর্জেন্টিনার পোশাক হবে গাঢ় নীল ও কালো। বিশ্বকাপের ম্যাচ কালার নির্ধারণ করে প্রকাশিত তালিকাতেও বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে রয়েছে ইতিহাস ও কিছুটা সংস্কার। নীল জার্সিকে ইংলিশদের বিপক্ষে নিজেদের ‘সৌভাগ্যের পোশাক’ হিসেবে দেখেন দেশটির অনেক সমর্থক। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নীল জার্সি পরে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা।

প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে, যা ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। দ্বিতীয় গোলে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় ও গোলরক্ষককে পেরিয়ে জালে পাঠান ম্যারাডোনা। পরে সেটি ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল জার্সিতে খেলে ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছিল আলবাসিলেস্তারা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একবার নীল জার্সি পরে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সির অতীত ও বর্তমান দুই স্মৃতিই তাদের পক্ষে।

অবশ্য জার্সি কোনো ম্যাচের ফল নির্ধারণ করে না। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় ইতিহাস ও প্রতীকের গুরুত্ব অনেক। সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকেই আর্জেন্টিনা তাদের দ্বিতীয় পোশাক ব্যবহারের অনুমতি চেয়েছিল।

এজেএ