‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬ ১৭:৪২:১৯

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে উল্টো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও ছন্দে কমে যাওয়ার বিপরীতে আরো দুরন্ত তিনি।

বিশ্বাস না হলে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে চোখ বুলালেই বুঝতে পারবেন। ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। যা একক বিশ্বকাপে ৩৯ বছর বয়সী তারকার সর্বোচ্চ।

আগের রেকর্ডটি ছিল ২০২২ বিশ্বকাপে, ৭ গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়েই লিওনেল স্কালোনির মত, মেসি যত দিন খেলবে, তত দিন বিশ্বের সেরা ফুটবলার থাকবে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারবে না।

এর আগে আমি বহুবার বলেছি- ও যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে। কোচ বলেই এ কথা বলছি না। মনেপ্রাণে এটা বিশ্বাস করি।’
সেরাটা দেওয়ার সময় মেসি যন্ত্রের মতো কাজ করে বলে জানান স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘লিও সব ম্যাচেই কমবেশি একই রকম দৌড়াচ্ছে।

ফিটনেস কোচের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে। তার ফলও পাচ্ছে। একটা বিষয় পরিষ্কার, সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর যখন নিজের সেরাটা দেয় এবং বুঝতে পারে সুযোগ তৈরি করতে পারছে, তখন সে একটা যন্ত্রের মতো কাজ করে।’

জেএএ