দেশে যুক্ত হলো আরও তিন নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ ১৮:৩৩:৫০

চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে বুধবার (৮ জুলাই) জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে নতুন তিনটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি দপ্তর ও অফিসের সেট-আপও অনুমোদন করা হয়েছে।

ফটিকছড়ি উত্তর উপজেলা গঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে।

দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠিত হয়েছে গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব নিয়ে।

অন্যদিকে বাঙ্গরা উপজেলা গঠিত হয়েছে মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী নিয়ে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নতুন উপজেলাগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে এবং স্থানীয় জনগণের জন্য সরকারি সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এজেএ