‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

সম্প্রতি মুক্তি পেয়েছে যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর ঝলক। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল দেখা গেছে। বিশেষ করে ছবির অভিনেত্রীদের তালিকা নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
ছবিটিতে এলিজাবেথ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক গীতু মোহনদাসের প্রশংসা করেন। একই সঙ্গে তার দাবি, এই ছবি দেখে দর্শক চমকে যাবেন।
সাক্ষাৎকারে ‘টক্সিক’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হুমাকে। জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, এমন ছবি এর আগে এখানে কেউ দেখেননি। তাই একটু অপেক্ষা করুন। ছবিতে সব অভিনেত্রীই দারুণ কাজ করেছেন। শুধু নিজের কথা বলছি না, সবার কথাই বলছি।’’
এরপরে গীতু মোহনদাস সম্পর্কে বলতে গিয়ে হুমা জানান, একজন মহিলা পরিচালক হিসাবে এমন বড় ছবি তৈরি করা সহজ নয়। তার কথায়, ‘‘আপনারা যদি গীতু মোহনদাসের কাজ দেখে থাকেন, তা হলে হয়তো জানেন, তিনি মূলত মলয়ালম ছবির পরিচালক। তার আগের সব ছবিই দারুণ। আন্তর্জাতিক স্তরেও তিনি প্রশংসা পেয়েছেন। তাই তিনি যখন আমাকে এই ছবির প্রস্তাব দেন, আমি খুবই উৎসাহিত হই।’’
এর পাশাপাশি হুমা জানান, পুরুষ অভিনেতারা সচরাচর মহিলা পরিচালকদের কথা শুনতে চান না। অভিনেত্রীর কথায়, ‘‘এই ইন্ডাস্ট্রিতে কাজ করাই কঠিন। বিশেষ করে বাণিজ্যিক ছবির জগতে। কারণ অনেক অভিনেতাই মহিলা পরিচালকের নির্দেশ মেনে কাজ করতে স্বাচ্ছন্দ্য নন। সেই জায়গায় গীতু মোহনদাসের মতো একজন পরিচালক যশের মতো বড় তারকাকে নিয়ে এত বড় ছবি তৈরি করছেন। তাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে।’’
শেষে অভিনেত্রী বলেন, ‘‘এই ছবি সবার প্রত্যাশাকে ছাপিয়ে যাবে। ছবিটি দেখে সবাই চমকে যাবেন। এত বড় বড় অভিনেত্রী যখন এই ছবিতে কাজ করছেন, তখন নিশ্চয়ই বড় কিছু রয়েছে। আর একটু অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন।’’
যশ ও হুমা কুরেশী ছাড়াও ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
এজেএ
