মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ১৮:২৬:১৫

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আফ্রিকার প্রতিনিধি মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে দলের শুরুর একাদশ চূড়ান্ত করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। দলে তিনটি পরিবর্তন আনছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি একাদশ প্রকাশ না করলেও ইঙ্গিত দেন, গণমাধ্যমে যে দল নিয়ে আলোচনা চলছে, সেটিই প্রায় সঠিক।

তিনি বলেন, “দল ঠিক করেছি, কিন্তু এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা মোটামুটি জানেন কী হতে যাচ্ছে। আমাদের যোগাযোগ বিভাগের নিকো (নোভেলো) আমাকে বলে, সংবাদমাধ্যমে কী আলোচনা হচ্ছে। বলা যায়, সেগুলো সঠিক পথেই আছে।”

তিনটি পরিবর্তন

টাইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বাম প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো আবারও মূল একাদশে ফিরছেন। তার জায়গায় এতদিন খেললেও সর্বশেষ ম্যাচে ক্র্যাম্পে ভোগা ফাকুন্দো মেদিনা এবার বেঞ্চে থাকবেন।

আক্রমণভাগেও পরিবর্তন আসছে। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজের পরিবর্তে খেলবেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো। অন্যদিকে বাম গোড়ালির চোট কাটিয়ে আলভারেজ আবারও প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন।

মিডফিল্ডেও পরিবর্তন আনছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে দলের মাঝমাঠে সমন্বয়ের ঘাটতি চোখে পড়েছিল। বদলি হিসেবে নেমে ভালো খেলায় এবার শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন লিয়ান্দ্রো পারেদেস। তার অন্তর্ভুক্তির ফলে থিয়াগো আলমাদা একাদশ থেকে বাদ পড়ছেন। পারেদেস ডিপ-লাইং মিডফিল্ডার হিসেবে খেলবেন, আর এতদিন ওই ভূমিকায় থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও সামনে উঠে এনজো ফার্নান্দেজের পাশে খেলানো হবে।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

জেএএ