রোনালদো না মদ্রিচ, শেষ নাচ কার

বিশ্বকাপের শেষ বত্রিশের ব্লকবাস্টার ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিশ্বমঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচের জন্য শেষ ম্যাচ এটি। শুধু দুই কিংবদন্তির একজনের ‘শেষ নৃত্য’ বলে নয়, পর্তুগাল ও ক্রোয়েশিয়ার জন্য বিশ্বকাপে টিকে থাকারও মহারণ। সব দিক বিবেচনায় নকআউট পর্বের এ ম্যাচটি উত্তাপ-উত্তেজনায় বারুদ ছড়াবে বলেই আশা। পর্তুগাল ও ক্রোয়েশিয়া দুদলের জন্যই ম্যাচটি হবে বাড়তি স্নায়ুচাপের, আর প্রত্যাশা থাকবে আকাশচুম্বী। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। শেষ মিনিট পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে দুদল। এমন হাইভোল্টেজ ম্যাচে রোনালদোর পর্তুগাল, নাকি মদ্রিচের ক্রোয়েশিয়া জয়ের হাসি হাসবেÑসেটি দেখার অপেক্ষা।
শেষ ষোলোতে ওঠার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বেশি প্রত্যাশার চাপ থাকবে পর্তুগালের। বিশ্বকাপে শিরোপা লক্ষ্য নিয়ে খেলছে তারা। যদিও গ্রুপ পর্বে পর্তুগাল পর্তুগালের মতো খেলেনি। কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু তাদের। অবশ্য পরের ম্যাচে নবীন দল উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তবে শেষ বত্রিশের লড়াইয়ের আগে কলম্বিয়ার বিপক্ষে অনুজ্জ্বল ছিল পর্তুগাল। দলের মতোই শেষ বিশ্বকাপ খেলতে নামা মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন ‘সুপার ফ্লপ’। বলা হচ্ছে, গত দুই দশকের মধ্যে সেরা দল নিয়ে বিশ্বকাপে এসেছে পর্তুগাল। রোনালদোকে ঘিরে আক্রমণভাগ এবং মিডফিল্ডই তাদের শক্তির জায়গা। কিন্তু পর্তুগালের সেরা পারফরম্যান্সটা এখনো দেখা যায়নি। ফিনিশিং দুর্বলতায় গোল না পাওয়ার দৃশ্য দেখা গেছে ম্যাচে। অধারাবাহিক আর ছন্দহীন দলটিকে ক্রোয়েশিয়ার সামনে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে। তবে মিডফিল্ড ও উইংয়ের গতি কাজে লাগিয়ে নিখুঁত আক্রমণ করতে পারে পর্তুগাল, তাহলে ক্রোয়েশিয়ার জন্য তাদের আটকানো সহজ হবে না। বিশেষ করে রোনালদো সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেন। স্বরূপে ফিরলে মুহূর্তেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন রোনালদো। তার দিকেই তাকিয়ে থাকবে পর্তুগাল।
অপরদিকে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। তবে আগের সোনালি প্রজন্মের দল নেই তাদের। ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপযাত্রা শুরু হয় ক্রোয়েশিয়ার। তবে পানামা ও ঘানার বিপক্ষে দুটি জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। পর্তুগালের বিপক্ষে এই ছন্দ ধরে রাখতে চাইবে দলটি। টুর্নামেন্টে থাকার জন্য সর্বশক্তি দিয়েই লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ জিতে নকআউটে ওঠার পর ক্রোয়েশিয়ার কোচ দালিচ বলেছেন, ‘কৌশলগত দিক দিয়ে ক্রোয়েশিয়া দুর্দান্ত খেলেছে এবং মাঠে নিজেদের সংগঠিত রাখতে পেরেছে। আমার মনে হয়, আমরা ঠিক আট বছর আগের সেই জায়গায় ফিরে এসেছি। তবে এটা কেবল প্রথম লক্ষ্য অর্জনের পথে একটি পদক্ষেপ, আর তা হলো নকআউট পর্বে ওঠা।’ দালিচের কথাতেই বোঝা যাচ্ছে কতটা আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া। এবার পর্তুগালের বিপক্ষে নকআউটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর প্রত্যাশায় তারা। এ পর্যন্ত পর্তুগাল ও ক্রোয়েশিয়া পরস্পরের বিপক্ষে মোট ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে সাতটি জিতেছে পর্তুগাল। আর একটিতে জয় ক্রোয়েশিয়ার; বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
