খুলনায় হার্ট ফাউন্ডেশন এন্ড ইনটেনসিভ কেয়ার সেন্টারে বেতন বকেয়ার অভিযোগ, থানায় জিডি

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬ ২২:২৪:৪৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত হার্ট ফাউন্ডেশন এন্ড ইনটেনসিভ কেয়ার সেন্টার-এর কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া ও বিনিয়োগকৃত অর্থ ফেরতের দাবিতে সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কয়েক মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। প্রতিষ্ঠানের মালিক ডাঃ এম এম আব্দুস শামীম গত ৩-৪ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কর্মরতদের পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়।

অভিযোগকারীরা জানান, এর আগেও বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার আন্দোলন এবং থানায় বৈঠক হয়েছে। সে সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর/সিইও হেলাল আহমেদ সুমন মালিকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পাওনা পরিশোধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও দাবি করা হয়, সিইও হেলাল আহমেদ সুমনের প্রতিষ্ঠানটিতে কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ের সময়ও তিনি অর্থ প্রদান করেছেন বলে অভিযোগে বলা হয়। তবে বর্তমানে তার বিনিয়োগকৃত অর্থও ফেরত দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পাওনা পরিশোধের ব্যবস্থা করার জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

অভিযোগটি করেন প্রতিষ্ঠানের কর্মচারীদের পক্ষে মোঃ রুহুল আমীন। অভিযোগে প্রতিষ্ঠানের মালিকের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।