বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬ ১৫:১৮:৫৯

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সচিবালয়ে নিজের দপ্তরে লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ব্যবহারের মাত্রা কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ)  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, “সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজ কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সহায়ক।”

অতিরিক্ত প্রেস সচিব জানান, পরে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখার এবং এসির মাত্রা কমিয়ে রাখার নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন দপ্তর রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির ব্যবহার সীমিত করা হয়। 

আতিকুর রহমান রুমন আরো বলেন, “প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয় ছাড়াও সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দিনের বেলায় লাইট কম ব্যবহার করে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দেন তিনি।