সুন্দরবন হতে উদ্ধারকৃত বাঘিনীর শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬ ২১:১৩:৫৫

১৭ এপ্রিল বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, খুলনায় সুন্দরবন হতে উদ্ধারকৃত বাঘিনীটির শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

এসময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তাগণ, সাফারী পার্ক, গাজীপুরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মোঃ জুলকার নাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রধান বন সংরক্ষক মহোদয় চিকিৎসাধীন বাঘিনীটির পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বনকর্মীদের নিরলস সেবা ও সঠিক পরিচর্যার ফলে বাঘিনীটির পায়ের ক্ষত এখন অনেকটাই সেরে উঠেছে এবং স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ও বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সুচিন্তিত সিদ্ধান্ত ও পরামর্শের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।