‘দুদক-ইসি ঠিকমতো কাজ করলে ২০০৮ সালে হাসিনার প্রার্থিতা বাতিল হতো’- দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হলফনামায় বিস্তর ব্যবধান ছিল। দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে সেই সময় শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো। রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সংগঠন র্যাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
২০০৮ সালের ভোটের উদাহারণ টেনে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনাদের মনে করিয়ে দেই ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সঠিকভাবে যদি কাজ করতো তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল হয়নি।’
তিনি বলেন, আমাদের প্রত্যাশা সুশাসন সবার জন্য সুশাসন এবং ন্যায়বিচার। কাজেই ন্যায়নিষ্ঠ এবং সুবিচার সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন আমাদের প্রত্যাশায় এই বছর আমরা সেগুলো পাবো। তারপরও কতগুলো সংকট থেকে যায়। আমাদের দুর্নীতি তো আমাদের একটি বড় সংকট এমনিতেই এই দুর্নীতি যাতে নিরসন হয় আমরা সেদিকটা সবাই লক্ষ্য রাখবো।
