ডাকসুতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫ ১৬:৫৯:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনের তুলনা করা ঠিক হবে না, তবে এই নির্বাচন নিঃসন্দেহে একটি মডেল হবে।

তিনি আরও জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে জাতীয় নির্বাচন আয়োজন করতেও কোনো সমস্যা হবে না।

বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশে মাদকদ্রব্যের প্রবেশ বৃদ্ধি পেলেও যথেষ্ট পরিমাণে জব্দ করা হচ্ছে।