ফ্যাসিবাদীর পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪ ১৭:৩২:৩৭

শহীদ জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ধারাবাহিক আন্দোলনেরই চূড়ান্ত রূপ। ফ্যাসিবাদীর পতন হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এরশাদ বিরোধী আন্দোলনে নিহত কে এম নাজির উদ্দিন জেহাদ (শহিদ জেহাদ)-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ কথা বলেন তিনি। শহিদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, নানা রকম গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। সেগুলো সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার নেতাকর্মী ও দোসররা এখন স্বপ্ন দেখছে প্রতিবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবে। এখনো শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, এমন কিছু সংস্কার রয়েছে, যেগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক। সালাউদ্দিন আহমেদ সংস্কার করার পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যান্য নেতাকর্মীরা।