টেকনাফে অপহরণ চক্রের সদস্য লেদু ডাকাত আটক

জাফর আলম, কক্সবাজার
জাফর আলম, কক্সবাজার
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪ ১৫:২৯:৫৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী পাহাড় থেকে শীর্ষ অপহরণকারী লেদু ডাকাতকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে টেকনাফের বাহারছড়ার শিলখালীর গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন প্রকাশ লেদু (২৫) ডাকাত বাহারছড়ার ইউনিয়ন শিলখালীর আলী আহমদ প্রকাশ পেটুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে লেদু অপহরণ, ও ডাকাতির সঙ্গে জড়িত। এর পরিপ্রেক্ষিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দস্তগীর হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালায়। অভিযানে অপহরণকারীর সদস্য লেদু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ,ডাকাতিসহ ৫ টি মামলা রয়েছে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অন্যান্য অপরাধীদের ধরতে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।