হাত জোড় করে অনুরোধ করি, কারো নামে মিথ্যা মামলা দিবেন না: এএসপি মোস্তাফিজুর রহমান

কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে একদিকে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হন অপরদিকে যার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় তিনিও ক্ষতিগ্রস্ত হন তাই হাতজোড় করে অনুরোধ করছি কারো নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না পাশাপাশি বাল্যবিবাহ, মাদকদ্রব্য সেবন, সামাজিক দাঙ্গা-হাঙ্গামা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। মনে রাখবেন দেশের সেবা করে, দশের কল্যাণ করাই আমাদের কাজ। পরিবারের সদস্যদেরকে সময় দিবেন। আপনি যদি পরিবারের সদস্যদের কে সময় দেন তাহলে আপনার সন্তান কখনোই বাজে কাজে মগ্ন হতে পারে না।
মাগুরার শালিখায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মাগুরা (শালিখা সার্কেল) মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
আজ শনিবার বিকালে শালিখা পুলিশের আয়োজনে আড়পাড়া ইউনিয়নের বরইচারা অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিংড়া সরকারি বিহারীলাল সিকদার কলেজের অধ্যাপক চন্দন বর, মাগুরা আদর্শ কলেজের অধ্যাপক তুষার কান্দি দে, বরইচারাড়া অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নারায়ণ চন্দ্র বর।
এছাড়াও আড়পাড়া ইউনিয়নের বিট পুলিশের অফিসার মঈনুজ্জামান, বরইচারা ও ধর্মসীমা গ্রামের দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে তে বরইচারা ও ধর্মসীমা গ্রামের অসংখ্য লোকজন নিজ নিজ গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, আপনাদের কোন সমস্যা থাকলে আপনারা নির্দ্বিধাই আমাকে অবহিত করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধানে কাজ করব।
