দায়িত্বহীন ব্যাটিংয়ে ৫৩ রানে অলআউট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৪ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ অবধি অলআউট হতে হলো নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৫৩ রানে। এর ফলে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের লজ্জার পরাজয় বরণ করতে হয়েছে সফরকারীদের।
সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন দলীয় ১১ রানে ৩ উইকেট হারিয়ে শেষ করেছিল। তবে শেষ দিন নেমে উইকেট বিলাতে থাকেন ব্যাটাররা। অবশেষে মোট ১৯ ওভার ব্যাট করে ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম শূন্য, লিটন দাস ২ ও ইয়াসির আলী রাব্বি ব্যক্তিগত ৫ রানে ফেরেন। শুরুর এই তিনটি উইকেটই নেন স্পিনার কেশভ মাহরাজ। এরই মধ্যে ৫ উইকেট দখল করে ফেলেন তিনি।
এরপর বাংলাদেশ শিবিরে আঘাত করেন শিমন হারমার। তিনি মেহেদি হাসান মিরাজকে শূন্য রানে ফেরানোর পর ২৬ রান করা নাজমুল হোসেন শান্তকেও আউট করেন।
এই ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠেন মাহরাজ। তিনি বাংলাদেশের শেষ দুটি উইকেটও দখল করেন। খালেদ আহমেদকে শূন্য ও তাসকিন আহমেদকে ১৪ রানে প্যাভিলিয়নে পাঠান।
১০ ওভার বল করে মাত্র ৩২ রানে ৭ উইকেট দখল করেন মাহরাজ। ৩ উইকেট পান হারমার।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ করলে জবাবে বাংলাদেশ ২৯৮ রান করে। পরে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭/১০ (টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭; খালেদ আহমেদ ৪/৯২, মেহেদী হাসান মিরাজ ৩/৯৪)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮/১০ (মাহমুদুল হাসান জয় ১৩৭, লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮; সাইমন হার্মার ৪/১০৩)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪/১০ (ডিন এলগার ৬৪, রায়ান রিকেটরটন ৩৯*; এবাদত হোসেন ৩/৪০, মেহেদি মিরাজ ৩/৮৫)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (শান্ত ২৬, তাসকিন ১৪, ইয়াসির ৫, জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিক ০, লিটন ২, মিরাজ ০; কেশভ মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)।
ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।
ম্যাচসেরা : কেশভ মহারাজ
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
