সুজানগরে অবাধে নিষিদ্ধ গাইড ও নোট বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ ২১:৩৫:০৪

সরকারিভাবে সব ধরনের গাইড ও নোট বই কেনা-বেচা নিষিদ্ধ থাকলেও পাবনার সুজানগরের বিভিন্ন বইয়ের দোকানে অবাধে নিষিদ্ধ গাইড ও নোট বই বিক্রি হচ্ছে। করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ার পর সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সুযোগে উপজেলার লাইব্রেরি গুলো গাইড ও নোট বই বিক্রি করছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে শতাধিক লাইব্রেরি বা বইয়ের দোকান রয়েছে। শিক্ষার্থীরা চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ওই সকল লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই কিনতে ভীড় করছে। আর এ সুযোগে ওই সকল লাইব্রেরির মালিকরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের লাইব্রেরি গুলোতে চড়াদামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গাইড ও নোট বই অবাধে বিক্রি করছে।

শিক্ষার্থীদের অনেক সময় একটি গাইড বই ১হাজার থেকে ১২‘শ টাকা মূল্য দিয়েও কিনতে হচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের সিদ্দিকুর রহমান নামে একজন অভিভাবক বলেন শিক্ষার্থীদের গাইড ও নোট বই না কিনে কোন উপায় নেই। কেননা অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড ও নোট বই কেনার পরামর্শ দিয়ে থাকেন।

বিশেষ করে যে সকল শিক্ষকরা গাইড এবং নোট বইয়ের সহযোগিতা নিয়ে শ্রেণি কক্ষে পাঠদান করে থাকেন তারা শিক্ষার্থীদের গাইড এবং নোট বই কিনতে উৎসাহিত করেন। ফলে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে গাইড এবং নোট বই কিনে থাকে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন লাইব্রেরি গুলোতে গাইড ও নোট বই বিক্রি হয় সত্য। তবে ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া গাইড এবং নোট বই বিক্রি বন্ধ করা সম্ভব নয়।