গবেষণায় জানা গেছে, দেশে সংক্রমণের ৮০ ভাগই ভারতীয় ধরন

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: জুন ৪, ২০২১ ১০:২৯:১৪  আপডেট :  জুন ৪, ২০২১ ১০:৩৫:০৫

দেশে করোনা সংক্রমণের ৮০ ভাগই  ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) বলে এক গবেষণায় উঠে এসেছে। ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে ওই গবেষণায়। সেই সাথে দেশে অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) এ গবেষণা চালিয়েছে।

গত ১১ মে দেশে ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে আইইডিসিআর। এর মধ্যে ৪০টি অর্থ্যাৎ ৮০শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন, ১৬ শতাংশ নুমনায় বিটা ভ্যারিয়েন্ট অর্থ্যাৎ দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা ১৬টি নমুনার মধ্যে ১৫টি, গোপালগঞ্জ থেকে সাতটি নমুনার সবগুলোতে, খুলনা থেকে সংগ্রহ করা তিনটি নমুনাই এবং ঢাকা থেকে সংগ্রহ করা চারটি নমুনার মধ্যে দুটি ছিল ডেল্টা ভেরিয়েন্ট।

ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং বিদেশ থেকে আগত রোগীর সংষ্পর্শে আসার কোনো তথ্যও পাওয়া যায়নি।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর।

প্রকৌশল নিউজ/এমআর