সমতার ভিত্তিতে টিকা সহজলভ্য করতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২১ ২৩:০৬:৩৩  আপডেট :  জানুয়ারী ২৯, ২০২১ ২৩:১৫:২৯

সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সম্প্রতি জাতিসংঘ মহাসচিব করোনার টিকা নিয়ে টুইট করেছেন। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন বলে জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব টিকা নিয়ে তার টুইটে বলেছেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

টুইটে তিনি লিখেছেন, এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সবাই নিরাপদ।

গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেওয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

গুতেরেস আরও বলেন, আমি প্রত্যেককে টিকা নেওয়ার বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ এটা একটি সেবা। আমাদের মধ্যে কেউ একজন টিকা নেওয়ার অর্থ পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। ফলে দায়বদ্ধতা থেকেই সবার টিকা নেওয়া উচিত।