প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুরকে বরখাস্ত

প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প) মোঃ তবিবুর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকল্প পরিচালক মোঃ তবিবুর রহমান তালুকদারের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর পৌর এলাকার বিয়ারা মহল্লায়। তিনি সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোঃ তবিবুর রহমান তালুকদার, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (প্রকল্প পরিচালক, "মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্প এবং "গ্রামীণ স্যানিটেশন" শীর্ষক প্রকল্প)-এর বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে।
উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩ (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে তাঁকে সাময়িক বরখাস্ত করা সমীচীন হবে।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা-৩৯(১) ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী জনাব মোঃ তবিবুর রহমান তালুকদার, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প পরিচালক, "মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্প এবং "গ্রামীণ স্যানিটেশন" শীর্ষক প্রকল্প)-এর-কে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
