নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে হাইকোর্টে রিট, অভিযোগ দ্বৈত নাগরিকত্বের

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সংসদ সদস্য প্রার্থিতা স্থগিতের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঢাকা–১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার এ আবেদন দায়ের করেন।
রিটে বলা হয়েছে, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ডোমেনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা সৃষ্টি করে। এ কারণে তাঁর মনোনয়ন বাতিল করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও দাবি করা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তবে নির্বাচনী হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ মোট কয়েকজনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা–১১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
