দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ওই দিন থেকেই তার বরখাস্ত কার্যকর হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রকল্পের অর্থ থেকে তিনি প্রায় ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
বর্তমানে সাইফুজ্জামান লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত ছিলেন। সেই সময় ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর ডব্লিউ-১ প্যাকেজের আওতায় অনাবাসিক ভবন খাতের কাজ বাস্তবায়নে ডিপিপি, আরডিপিপি কিংবা এইচওপিইর অনুমোদন ছাড়াই বিধি বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ করেন বলে অভিযোগ আনা হয়েছে।
তদন্তে উঠে আসে, একটি প্যাকেজকে অবৈধভাবে আটটি ভাগে বিভক্ত করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। এসব প্যাকেজে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ছাড়া প্রকল্পের মূল ঠিকাদার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিবর্তে অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩–২০২৪ অর্থবছরে বিল পরিশোধ করা হয়, যদিও তারা কোনো কাজই সম্পন্ন করেনি।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকাণ্ড সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের শামিল, যা দুর্নীতির আওতাভুক্ত। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
