ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৬ ১৫:৪১:১৪

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

কালের কণ্ঠকে একজন পরিচালক বললেন, ‘আজ দুপুর ১টায় আমরা ১৭ জন পরিচালক অনলাইনে একটি বৈঠকে বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আইসিসিকে আরেকটি মেইল দেওয়ার৷ আমরা জানিয়ে দিয়েছি ভারতে বিশ্বকাপ খেলতে যাব না।

এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা। এর আগে গতকাল শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরো লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’