পুলিশ অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ ১৪:১১:০৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের অনেক চেষ্টা ও অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবন ফিরে পেয়েছেন। আর এই মনোবল ভাঙার চেষ্টা করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন।

এর আগে ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া রয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।