গণভোটে নাগরিকদের প্রকৃত মতামত জানানোর পথ রুদ্ধ হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। গণভোটে নাগরিকদের প্রকৃত মতামত জানানোর পথ রুদ্ধ হচ্ছে।
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে, সেখানে ‘না’ বলার সুযোগটা কোথায়? ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সাধারণ মানুষ যেন বুঝতে পারে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার দরকার।তিনি বলেন, একমত হতে না পারলে সেই মতামত কীভাবে দেবে জনগণ তা উল্লেখ নেই গণভোটে। গণভোটে যে চারটা প্রশ্ন রয়েছে সেখানে ‘না’ এর অপশন নেই।
রিজভী আরো বলেন, সারাদেশে অনেক মানুষ দুর্ভোগে, এসব দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের কোনো তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকেই সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব তেমন দেখা যায়নি। গণভোট ও পিআরসহ নানা দাবি না তুলে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা
বিএনপি জুলাই সনদের পক্ষে উল্লেখ করে রিজভী বলেন, জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন ঠিক মতো হয়নি। আরও স্পষ্ট করে উপস্থাপন করা দরকার ছিল।
তিনি আরও বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের, মানুষ হত্যার সুষ্ঠু বিচার চায়।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও ফরহাদ আলী সজীব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাঃ তৌহিদ আওয়াল, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
