টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ পদের অধ্যায় আগেই শেষ হলেও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফ-এ কাজী সালাউদ্দিনের রাজত্ব এখনই শেষ হচ্ছে না। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক এই সভাপতি।
শনিবার (৮ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী কোনো ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করে কংগ্রেস।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা কম হয়, তবে কংগ্রেসের অনুমোদনে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধারাবলেই আগামী এক মেয়াদের জন্য নিজের চেয়ার সুরক্ষিত করলেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।
২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির পদটি নিজের দখলে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সজনিত কারণে এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সংস্থার এক বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছরের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। মূলত এই সংশোধনের মাধ্যমেই আবারও সাফের সর্বময় কর্তার আসনে বসার সুযোগ পেলেন সালাউদ্দিন।
সাফের এই নতুন কার্যনির্বাহী কমিটিতে দেশের ফুটবলের জন্যও থাকছে নতুন মুখ। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। এছাড়া অন্যান্য পদগুলোর মধ্যে সহসভাপতি হিসেবে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য পদে মালদ্বীপের হুসাইন শাফিউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এজেএ