ট্রফি নিয়ে দেশে ফিরল সাফজয়ী মেয়েরা

দেশে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাঁদের বরণ করতে সেখানে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া আছে বাফুফের একটি প্রতিনিধি দলও।
সাবিনা-সানজিদাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। তাদের হাতে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন তারা।
বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর নারী দলের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা।
