নতুন রূপে কারিনা কাপূর খান!

ঘোষনা দিয়েছিলেন সেই ২০১৪ সালে! বলেছিলেন ভবিষ্যতে বই লিখবেন। এই ঘোষনার ৬ বছর পর বই লিখে ফিললেন। নায়িকা, সঞ্চালিকার পর এবার বলিউড এই সুন্দরীকে দেখা যাবে লেখিকার ভূমিকায়।
হবু মায়েদের জন্য লিখলেন ‘কারিনা কাপূর খানস প্রেগন্যান্সি বাইবেল’। এই খবর ঘোষণার জন্য পুত্র তৈমুরের জন্মদিনকে বেছে নিলেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের বইয়ের কভারটি শেয়ার করে কারিনা লেখেন, ‘হবু মায়েদের জন্য আমার নতুন বই ঘোষণা করার জন্য এর থেকে ভাল দিন আর হতে পারে না। এই বইতে আমি মর্নিং সিকনেস থেকে শুরু করে হবু মায়েদের ডায়েট, এবং ফিটনেস, সব কিছু নিয়েই কথা বলব। বইটি আপনাদের পড়ার অপেক্ষায় আছি।’
২০২১ সালে প্রকাশিত হবে বইটি। প্রকাশনার দায়িত্বে রয়েছে জাগারনাট বুকস। এর সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি হ্যাশট্যাগ।
প্রকাশকদের মধ্যে একজন জানান, হবু মায়েদের কথা মাথায় রেখে মূলত বইটি লেখা হচ্ছে। গর্ভাবস্থায় কী ধরনের ডাক্তারি সহায়তা দরকার, মায়ের জন্য সঠিক ডায়েট, এক্সারসাইজ, বাচ্চাকে সুস্থ রাখার নানা উপায় ইত্যাদি বিষয়ে থাকবে কারিনার পরামর্শ। অভিনেত্রীর মতে, গর্ভাবস্থায় একজন যত বেশি কাজ করবেন, সচল থাকবেন, গর্ভস্থ সন্তানও ততটাই ভাল থাকবে। সেই মন্ত্র মেনে নিজেও নিয়মিত ওয়ার্কআউট করে হবু মায়েদের ‘ফিটনেস গোলস’ দিচ্ছেন অভিনেত্রী।
এর আগে ২০১৩ সালে লেখক রোশেল পিন্টোর সঙ্গে মিলে একটি বই প্রকাশ করেছিলেন কারিনা। ‘কারিনা কাপুর: স্টাইল ডায়রি অফ এ বলিউড ডিভা’ নামের ওই বইয়ে কারিনা তার রূপচর্চাবিষয়ক বিভিন্ন তথ্য দিয়েছেন।
এমনকি তার ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অভিনীত চরিত্রের মেকআপ করার পদ্ধতি লেখা হয়েছে ঐ বইতে।
বলিউডের আরও অনেক তারকা আছেন, যারা অভিনয়ের পাশাপাশি কলম হাতে নিয়েছেন। কারিনার বড়বোন কারিশমা মা হওয়ার পর মায়েদের জন্য একটি বই লেখেন, যার নাম ‘দ্য ইয়াম্মি মাম্মি গাইড’। বড় বোনের দেখানো পথেই লেখিকা হিসেবে নাম লিখালেন বলিউডের নবাব পত্নী কারিনা কাপূর খান।
