হরমুজ প্রণালি এখনো খোলা, বন্ধের কোনো প্রমাণ নেই: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬ ২১:২৫:১০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এমন কোনো প্রমাণ দেখছি না যে- ইরান এখনো হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে।’ 

ভ্যান্স জানান, গতকালই হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। তার ভাষ্য, ‘জাহাজগুলো চলাচল করছে, আমরা সেটিই দেখতে পাচ্ছি।’

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার সতর্কতা দিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।