ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের খবরের প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।
তিনি জানান, এ অঞ্চলের প্রতিটি গতিবিধি ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী পরবর্তী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, শত্রুপক্ষকে বিপদে ফেলাই বর্তমানে তাদের প্রধান কাজ। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এখন কেবল সেই সব ইরানিদেরই চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’ মূলত রুশ সহায়তায় মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা ঠেকাতেই এই কঠোর অবস্থান জানান দিচ্ছে পেন্টাগন।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সমবেদনা জানানোর পাশাপাশি পুতিন চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে মস্কো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
