ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দিবেন তারেক রহমান 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫ ২১:১১:৫৫  আপডেট :  নভেম্বর ২৩, ২০২৫ ২১:৪৬:৩৯

আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় নেন, তবে ইমাম ও খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সকল আলেমদের সমর্থন অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আলেম-ওলামাদের অন্তর্ভুক্তি ছাড়া দেশের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে আপস করে না।

ইমাম ও খতিবদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ জাতীয় ইমাম-খতিব সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বিশিষ্ট শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।