চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ ১৯:৫৬:০১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে জনাব তারেক রহমানকে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত চিকিৎসকদের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। এ কারণে তারা মিডফোর্ডের সামনের ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন সত্য তথ্য উদঘাটন করে।

প্রশ্ন রেখে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ ঘটনা দুই দিন পরে ভাইরাল হলো কেন? নিশ্চয়ই রাষ্ট্রের গভীর থেকে দেশে ও আন্তর্জাতিক কোনো শক্তি এর সঙ্গে জড়িত‌। তিনি বলেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করেই এসব ষড়যন্ত্র চলছে।

বিএনপি একটি বৃহৎ পরিবার উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন জায়গায় অনেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান। রিজভী বলেন, তিনি (তারেক রহমান) কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডাঃ মোঃ সরকার মাহাবুব আহমেদ শামীম ও দক্ষিন ড্যাবের সভাপতি ডাঃ মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে  ডাঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, সদ্য সাবেক মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম।

আরো বক্তব্য রাখেন, ডাঃ সেলিম,অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ মোসাদ্দেক হোসেন ডাম্বেল, ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডাঃ এরফানুল হক সিদ্দিকী,ডাঃ শেখ ফরহাদ, ন্যাবের সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, এম- ট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ রুমি জালাল,ডাঃ সালাউদ্দিন আহমেদ,ডাঃ ফারুক হোসেন, ডাঃ জাফর ইকবাল, ডাঃ কাজল, ডাঃ বাসেদুর রহমান সোহেল, ডাঃ এমতিয়াজ হোসেন সাজিদ,ডাঃ আমিরুল ইসলাম পাভেল,ডাঃ গালিব, ডাঃ আকাশ, ডাঃ মনজুর মোরশেদ, ডাঃ লাবিব, ডাঃ আফিফ, এম-ট্যাবের সভাপতি এ কে মুসা লিটনসহ  ড্যাবের সিনিয়র ও পেশাজীবী নেতৃবৃন্দ।