শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক একজোট হলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।
শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, এই তিন নেতা একজোট হলে তারা যেকোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে সক্ষম হবেন। টঙ্গী, সায়দাবাদ ও মিরপুরের সড়ক অবরোধ করে দিতে পারবেন তারা। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্যেশ্য করে তিনি বলেন, এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না-এই প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। আপনি বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে দেশের মানুষের প্রধানমন্ত্রী হন।
কর্ণেল অলি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি-এই সরকার কবে যাবি’ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বকক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হকসহ ১১ দলীয় ঐক্যের দলগুলোর প্রধানরা।
এজেএ