ইউপি চেয়ারম্যান লাক মিয়ার হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
কি আড়াল করতে চায় প্রিমিয়ার ব্যাংক!!
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রায় সপ্তাহখানেক আগেই। ভূমিদস্যুতাসহ নানা ধরনের অভিযোগ থাকা এই আওয়ামী লীগ নেতাসহ তার স্ত্রী মোসাম্মত মাহমুদা বেগম ও তাদের বেতনভুক্ত কর্মচারী মো.মহসিন মোল্লার বিরুদ্ধে রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।
আরো অভিযোগ রয়েছে, তারা কয়েকটি ব্যাংকে হিসাব খুলে তাদের নামে গড়ে তোলা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে লেনদেন করেছেন হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এইসব অস্বাভাবিক লেনদেনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলেও ব্যাংকগুলো বলছে লেনদেনে তারা কোন আইনই ভাঙেননি। কোনো কোনো ব্যাংক বলছেন বড় অংকের কোনো লেনদেন তাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় করেননি লাক মিয়া ও তার পরিবারের সদস্যরা। এমনই এক ব্যাংকের নাম বেসরকারি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
অভিযোগ আছে, ব্যাংকটির কিছু ঊর্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করেই প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ি, বনানী, মতিঝিল শাখায় হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ অস্বীকার করে আসছেন সংশ্লিষ্ট শাখাগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন ব্যাংকটির সংশ্লিষ্ট শাখাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের আইনের আওতায় আনলে থলের বিড়াল বেরিয়ে আসবে। কারন তাদের কাছে রয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণ। আর এদের আইনের আওতায় আনা গেলে বেরিয়ে আসবে অনেক বড় ধরনের আর্থিক দুর্নীতির ঘটনাও।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) লাক মিয়া ছাড়াও তার স্ত্রী মোসাম্মত মাহমুদা বেগমের বিরুদ্ধে রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা। অভিযোগ আছে এই দম্পত্তির অন্তত ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এমনকি তাদের প্রতিষ্ঠানের স্বল্প বেতনের কর্মচারী মো.মহসিন মোল্লাকেও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে বিভিন্ন ব্যাংকে ওই প্রতিষ্ঠানগুলোর নামে ১৪ টি ব্যাংক হিসাব খুলে হাজার হাজার কোটি টাকার সন্দেহজনক অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে। তারা এখন পুরো বিষয়গুলো তদন্ত করে দেখছেন।
দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ি লাক মিয়া, তার স্ত্রী ও তাদের কর্মচারীর পৃথক মালিকানাধীন এম/এস সালমা ট্রেডার্স, ভাই ভাই স্পিনিং মিলস ও এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড এবং এম/এস এনআরবি ট্রেডার্সের নামে খোলা প্রতিষ্ঠানগুলো থেকে কেবল মাত্র প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গত ৫ অগাষ্টের পর প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এই অর্থের উৎস নিয়ে যেমন প্রশ্ন রয়েছে ঠিক তেমনি এই অর্থ ব্যাংক থেকে তুলে কোথায় ব্যবহার করা হলো সেটি নিয়েও রয়েছে বিস্তর আলোচনা।
সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংকে লাক মিয়ার লেনদেনের তথ্য থেকে জানা গেছে সেখানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই ব্যাংকটির মতিঝিল, বনানী ও কালিবাড়ি শাখা থেকে বিপুল পরিমান অর্থ উত্তোলন করা হয়েছে। যার মধ্যে কালিবাড়ি শাখা হতে এম/এস সালমা ট্রেডার্সের নামে ১২০৫ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৪৪৭ টাকা, ওই একই শাখা থেকে লাক মিয়ার নামে ১৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯৫৪ টাকা, ভাই ভাই স্পিনিং মিলসের নামে ২৫৫ কোটি, ৩৭ হাজার ৮৯৭ টাকা, এম/এস সালমা ট্রেডার্সের নামে ৭৮০ কোটি ৯৮ লক্ষ ২১ হাজার টাকা ও এম/এস সালমা নামের একটি প্রতিষ্ঠানের বিপরীতে ২৬৯ কোটি ১৬ লাখ ৬২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
পাশপাশি বনানী শাখা হতে ভাই ভাই স্পিনিং মিলসের নামে ৭৫ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৪৪১ টাকা এবং ২৩৩ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ও এম/এস সালমা ট্রেডার্সের নামে ৫ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার ৮১৩ টাকা উত্তোলন করা হয়েছে। অন্যদিকে মতিঝিল শাখায় এম/এস সালমা ট্রেডার্সের নামে পৃথকভাবে ২৯২ কোটি ১৩ লক্ষ ৮২ হাজার টাকা ও ১২৩ কোটি ২ লক্ষ ৬৪ হাজার ৭৯১ টাকা উত্তোলন করা হয়েছে। লাক মিয়ার এই সব লেনদেনের যোগফল দাঁড়ায় ৩২৫ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৮৪৩ টাকা।
অন্যদিকে লাক মিয়ার স্ত্রী মোসাম্মত মাহমুদা বেগমের লেনদেনের তথ্য হতে জানা গেছে, তার প্রিমিয়ার ব্যাংকের কালিবাড়ি শাখায় এমএস বিআরবি ট্রেডার্সের নামে ৭৯ কোটি ৬৫ লাখ ২৪ হাজার টাকা জমা ছিল। পরে ৭৯ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ১৮৯ টাকা তুলে নেওয়া হয়। ওই এ্যাকাউন্টে এখন ৫৪ হাজার ৮১১ টাকা রয়েছে। পাশপাশি তাদের কর্মচারী মো.মহসিন মোল্লার ব্যাংকিং লেনদেন হতে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রিমিয়ার ব্যাংক কালিবাড়ি শাখা হতে এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেডের নামে ১ হাজার ৩৫৮ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার টাকা, একই শাখায় এম/এস এনআরবি ট্রেডার্সের নামে ৪২ কোটি৩৫ লক্ষ ৫৪ হাজার টাকা, ওই শাখায়ই এম/এস এনায়েত ট্রেডার্সের নামে ৮ কোটি ৮৬ লক্ষ ৬২ হাজার ৭৫৭ টাকা, এম/এস এনআরবি ট্রেডার্সের নামে ৮৭৬ কোটি ৭ লক্ষ, ৯১ হাজার টাকা, মো.মহসিন মোল্লার নিজ নামে আলাদাভাবে ৫০ লক্ষ টাকা ও ২ কোটি ৯৯ লক্ষ ৭৩ হাজার টাকা, এম/এস এনআরবি ট্রেডার্সের নামে ৮৪ কোটি ৭৯ লক্ষ ৫৭ হাজার টাকা উত্তালন করা হয়েছে। এছাড়াও প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখায় এম/এস এনআরবি ট্রেডার্সের নামে ১৫৪ কোটি ৮৪ লক্ষ ৯২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। যার সর্বমোট হিসাব দাঁড়ায় ২ হাজার ৫২৮ কোটি ৯৬ লক্ষ ৭৬৫ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী হাসান বিষয়টি গনমাধ্যমকে ওই সময় নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চেয়ারম্যান লাকমিয়ার বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লাক মিয়া চেয়ারম্যান হওয়ার আগেই এলাকার শত শত নিরীহ মানুষের শত শত বিঘা সম্পত্তি জবরদখল করে ভাই ভাই স্পেলিং মিল সহ বেশ কিছু মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে। এ সমস্ত জবরদখল করা জায়গা জমি নিয়ে অনেক নিরীহ মানুষ মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছেন। পরবর্তীতে লাক মিয়া আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর একচ্ছত্র হস্তক্ষেপে বিনা ভোটে পরপর তিনবার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর তিনি নীরিহ এলাকাবাসীর উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেন। জবরদখল করতে থাকেন আরো নিরীহ মানুষের জায়গা সম্পত্তি। এই ব্যাপারে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তাছাড়া একটি মামলায় তার মালামাল ক্রোকেরও নির্দেশনা রয়েছে।
এছাড়াও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লাক মিয়ার স্ত্রী মোসাম্মত মাহমুদা বেগম ও তাদের কর্মচারী মো.মহসিন মোল্লার কোনো সন্ধান দিতে পারছেন না এলাকাবাসী ও তাদের স্বজরা। ধারনা করা হচ্ছে লাক মিয়া গ্রেপ্তারের পর তারা পলাতক রয়েছেন।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিবন্ধিত অফিস ঢাকার বনানীতে অবস্থিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল এ বছরের ১২ জানুযারি ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ইমরান ইকবালকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। মোহাম্মদ আবু জাফর ২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রিমিয়ার ব্যাংকের জনসংযোগ শাখায় যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকে তারা বিষয়টি জানিয়েছেন। তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তবে পরবর্তীতে এই বিষয়ে ব্যাংকটির অবস্থান তুলে ধরে কোনো বক্তব্য দিতে পারেননি তিনি।
তবে প্রিমিয়ার ব্যাংকের নারায়নগঞ্জের কালিবাড়ি শাখার ম্যানেজার মো.শাহ আলম বলেন, লাক মিয়া আমাদের গ্রাহক। তবে তিনি আমাদের শাখায় বড় কোনো লেনদেন কখনো করেননি। তার অধিকাংশ লেনদেন বনানী বা মতিঝিল শাখায় হতো।
ব্যাংকটির বনানী শাখার ব্যবস্থাপকও জানান তাদের বনানী শাখায় লাক মিয়া কোনো বড় অংকের অর্থ লেনদেন করেননি। তিনি যতটুকু অর্থ লেনদেন করেছেন সেটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক মনে হয়নি।
তবে ব্যাংকটির মতিঝিল শাখার ব্যবস্থাপকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া মেলেনি।