সমন্বিত পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
স্থানীয় সরকার পর্যায়ের (এলজিইডি) উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার পর্যায়ের (এলজিইডি) উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভায় বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
এদিন সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় বক্তব্যকালে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে এর আওতাধীন এলাকার পরিসর বাড়ানো প্রয়োজন। এজন্য বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রকল্পের বদলে বৃহৎ পরিসরের সমন্বিত প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি। যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হয়।
সভায় অন্যদের মধ্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।