শাহজালালে ৬ কোটি টাকার সৌদি রিয়াল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ থেকে ৬ কোটি টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করেছেন এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস কর্মকর্তারা।
কাস্টম হাউস প্রিভেন্টিভ সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট ( ইকে ৫৮৫) এর চেকিং চলাকালীন সময়ে প্যাসেন্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রীনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্হার উপস্হিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্যে মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্হায় রাখা ছিল। তবে যাত্রীকে খুঁজে না পাওয়া গেলেও লাগেজের সাথে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। ওই যাত্রীর নাম মামুন। তিনি দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করলেও ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট ত্যাগ করেন। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান।
আটককৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সাথে থাকা তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা প্রদান করা হবে। এছাড়া, কাস্টমস এ্যাক্ট অনুযায়ী যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।