বৈশ্বিক আকাশপথের শাসন ও বাংলাদেশের চ্যালেঞ্জ
বর্তমান বিশ্বে বেসামরিক বিমান চলাচল শুধু মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি।
বর্তমান বিশ্বে বেসামরিক বিমান চলাচল শুধু মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই আকাশপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব রাখতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৪৭ সাল থেকে জাতিসংঘের অধীনে কাজ শুরু করে আইসিএও। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। বিমান চলাচলের নিরাপত্তা, আইনকানুন, যাত্রীসেবা, অবকাঠামো, এবং পরিবেশগত দায়িত্ব-সব ক্ষেত্রে সংস্থাটি বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, এবং টেকসই বিমান জ্বালানির ব্যবহার এখন এর মূল অগ্রাধিকার।
বাংলাদেশ আইসিএও-এর সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। সম্প্রতি দেশের বিমানবন্দরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ঘটছে-বিশেষত ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কার্যক্রম অনেক এগিয়েছে। তবে প্রযুক্তিগত সক্ষমতা, প্রশিক্ষিত জনবল এবং নিরাপত্তা ব্যবস্থাপনা এখনো আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজন রয়েছে। আইসিএও-এর পূর্ববর্তী পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশকে নিরাপত্তা ও তদারকি ব্যবস্থায় আরও মনোযোগী হতে হবে।
আইসিএও প্রতিটি সদস্য রাষ্ট্রের বিমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়মিত মূল্যায়ন করে। এই মূল্যায়নে আইন, তদারকি ব্যবস্থা, চালক ও প্রকৌশলীর লাইসেন্স প্রদান, বিমান পরিচালনা, উড্ডয়ন উপযোগিতা, আকাশপথ নিয়ন্ত্রণ, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা তদন্ত-সবকিছু অন্তর্ভুক্ত থাকে। এসব মানদণ্ডে যত উন্নতি হবে, তত বেশি আন্তর্জাতিক রুট ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।
জলবায়ু পরিবর্তন এখন বিশ্ব এভিয়েশনের অন্যতম বড় চ্যালেঞ্জ। আইসিএও আন্তর্জাতিকভাবে কার্বন নিঃসরণ কমানোর কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেকসই জ্বালানির ব্যবহার, বিকল্প জ্বালানি প্রযুক্তি প্রয়োগ এবং কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা চালু হচ্ছে। বাংলাদেশকেও এসব উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে হবে, নইলে ভবিষ্যতে আন্তর্জাতিক রুট ব্যবস্থাপনায় সমস্যার সম্মুখীন হতে পারে।
বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে বিমান নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি, আধুনিক আকাশপথ নিয়ন্ত্রণ প্রযুক্তি প্রয়োগ, পরিবেশবান্ধব বিমান জ্বালানি ব্যবহার, আন্তর্জাতিক বিধি-বিধান মেনে চলা।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে হওয়ায় এটি আঞ্চলিক আকাশপথের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। নতুন অবকাঠামো নির্মাণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এই খাতে বাংলাদেশের প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
বৈশ্বিক আকাশপথ ক্রমেই ব্যস্ত ও জটিল হয়ে উঠছে। আইসিএও-এর মানদণ্ড পূরণ করা শুধু আন্তর্জাতিক বাধ্যবাধকতা নয়, বরং দেশের অর্থনীতি, নিরাপত্তা ও যাত্রীসেবার জন্য অপরিহার্য। বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নিতে পারে, তবে ভবিষ্যতে আঞ্চলিক আকাশপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।