তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সব ক্ষেত্রে পূর্ণ গণতন্ত্র চায়।

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সব ক্ষেত্রে পূর্ণ গণতন্ত্র চায়। গণতন্ত্র বিনির্মাণে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে সেগুলো সবসময় গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করে। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

আজ ২১ ডিসেম্বর (রবিবার) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও সাংবাদিকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ ও জাতির বিবেক। রাষ্ট্র ও সমাজ সংস্কারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি জাতির জন্য লজ্জাজনক এবং এর দায় সরকারের ওপর বর্তায়। মবক্রেসি কঠোরভাবে দমন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মানুষের মানসিকতায় পরিবর্তন এসেছে এবং তারা প্রকৃত গণতন্ত্র প্রত্যাশা করে। তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তার প্রত্যাবর্তন ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই কাজে লাগানো হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মেজর হাফিজ, সেলিমা রহমান, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এম রশিদুজ্জামান মিল্লাত, ড. মাহদী আমিন,সাংবাদিক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার আবু সায়েম, শাম্মী আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম,সাংবাদিক জাহিদুল ইসলাম রুনি, ,শায়রুল কবির খান, মোকছেদুল মোমিন মিথুন, আশিকুর রহমান সুজন উপস্থিত ছিলেন।