এম-ট্যাব এর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দবির উদ্দীন খান তুষার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫ ১৪:১৯:৪৭

স্বাস্থ্যখাতের জনপ্রিয় পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব বাংলাদেশ সরকারের হজ্ব মেডিকেল টিমে অংশগ্রহণের জন্য ২৬ এপ্রিল সৌদি আরবে গমন করেছেন। তার অনুপস্থিতিতে সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দীন খান তুষারকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

হজ্ব মেডিকেল টিমে রওনা হওয়ার আগে গত ২৬ এপ্রিল সংগঠনের সভাপতি এ কে এম মুসা লিটনের পরামর্শক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব লিখিতভাবে দবির উদ্দীন খান তুষারকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেন। চিঠিতে বলা হয়, এম-ট্যাবের প্রয়োজনীয় ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এই দায়িত্ব প্রদান করা হলো।

দবির উদ্দীন খান তুষার একজন প্রথিতযশা সাবেক ছাত্রনেতা এবং এম-ট্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সেক্টরের বৃহৎ এই সংগঠনের অন্যতম চালিকাশক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দবির উদ্দীন খান তুষার রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবরের গণআন্দোলনে তার দৃপ্ত ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়। একই বছরের জুলাই মাসের "জুলাই বিপ্লব আন্দোলনে" তার সাহসী নেতৃত্ব মিরপুর-১০, কাজীপাড়া ও সেগুনবাগিচা এলাকায় আলোচিত হয়, যা গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।

তার এই ভূমিকার প্রতিক্রিয়ায় ২৪ জুলাই আওয়ামী প্রশাসন কর্তৃক তাকে গুম করা হয়। তাকে দুদিন ধরে 'আয়নাঘর'-এ নির্যাতন করা হয় এবং পরবর্তীতে কাউন্টার টেররিজম ইউনিটে হস্তান্তর করা হয়। বর্বর নির্যাতনের ফলে তার হাতের আঙুল এবং বাঁ পা প্রায় অবশ হয়ে যায়। তবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি লাভ করেন।

দবির উদ্দীন খান তুষার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী সংগঠন এম-ট্যাবের পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত আছেন