বন ভবনের সভায় ‘উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলা’, প্রতিবাদ জানালো বিএফএ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫ ১৮:২৭:৩১

গত শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তী মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সৃষ্ট অপ্রত্যাশিত ও প্রটোকল ভঙ্গকারী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা চলাকালীন এই ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিএফএ এক প্রতিবাদলিপিতে জানায়, অনুষ্ঠান চলাকালে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, গাজীপুরের একজন প্রতিনিধি বিনা অনুমতিতে মঞ্চে উঠে আসেন। উপস্থিত অতিথি, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীদের সামনে তিনি বন বিভাগ ও মাঠপর্যায়ের বনকর্মীদের বিরুদ্ধে ‘সম্পূর্ণ মনগড়া, গুজবনির্ভর ও তথ্যবিহীন মন্তব্য’ করতে থাকেন।

বিএফএ এই আচরণকে সম্পূর্ণরূপে প্রটোকল ভঙ্গকারী, উত্তেজনাকর ও অনুষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খল করার সর্বোচ্চ প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি, এটি কোনো আকস্মিক আচরণ নয়; বরং এটি ‘পরিকল্পিত’ এবং অতীতে বনবিভাগের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিচ্ছিন্ন কিছু লোকজনের ইন্ধনে পরিচালিত বলে প্রতীয়মান হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন বন্যপ্রাণী সংরক্ষণে তরুণদের স্বীকৃতি, আধুনিক সরঞ্জাম সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করছিলেন, ঠিক সেই সময়ে এ ধরনের গুজব-ছড়ানো আচরণ ছিল ‘রাষ্ট্রীয় সংস্থা ও সংরক্ষণ কার্যক্রমকে কলঙ্কিত করার প্রয়াস’।

বিএফএ দৃঢ়ভাবে জানিয়েছে, বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আনা যেকোনো অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তারা প্রত্যাখ্যান করছে।

বিএফএ আরও জানায়, অনুষ্ঠানের শৃঙ্খলা ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ন্যক্কারজনক আচরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুষ্ঠানের সঙ্গে জড়িত সংগঠনকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

প্রতিবাদলিপিতে স্পষ্ট করা হয়েছে, বন বিভাগ দায়িত্বশীল, আইনগত ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে। ভবিষ্যতে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় থাকবে এবং ‘কোন প্রকার অপ্রত্যাশিত অযৌক্তিক শব্দের উশৃঙ্খলতা এবং বেয়াদবি বরদাস্ত করা হবে না।’ বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।