ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী: পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ ১৫:১১:৫৩

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত মামুন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতালের এ ব্লকের ১০ থেকে ১৫ ফুট সামনে মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে খুব কাছে থেকে গুলি করা হয়। 

পুলিশ জানায়, তারিক সাইফ মামুনের বাবার নাম এস এম ইকবাল। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ঢাকায় আফতাবনগরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনকে লক্ষ্য করে মুখোশ পরা দু’জন যুবক গুলি চালান। পরে গুলিবিদ্ধ মামুনকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরিহিত মামুন দৌড়ে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকের সামনে দিয়ে প্রবেশ করেন। হোচট খেয়ে তিনি সেখানে পড়ে যান। এ সময় মাস্কে মুখ ঢাকা এবং ক্যাপ পরা দুই যুবক পেছন পেছন এসে পিস্তল দিয়ে গুলি করে চলে যান।

সেখানে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী বলেন, হত্যার শিকার ওই ব্যক্তিকে বেলা ১০টা ৫১ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে বের হন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে এগোনোর পর রাস্তা থেকে তার দিকে গুলি করে হামলাকারী দুইজন। এরপর তিনি দৌড়ে আবার হাসপাতালের ফটকের ভেতরে ঢুকে পড়েন।

তখন মাস্ক পরিহিত দুই হামলাকারী সিনেমার কায়দায় হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে করতে হাসপাতালে প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকে পড়েন। পরে তারা কবি নজরুল কলেজের দিকে দৌড়ে পালিয়ে যান।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ১০টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শব্দ শুনে আমরা সবাই হাসপাতালের মেইন গেটের সামনে আসি। সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তারিক সাইফ মামুন জজ কোর্টে মামলার হাজিরা দিতে এসেছিলেন। তবে তিনি আসামি না বাদী সেটা নিশ্চিত হওয়া যায়নি।

লালবাগ বিভাগ পুলিশের উপ-কমিশনার আহসান উদ্দিন সামি বলেন, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপ-কমিশনার আহসান উদ্দিন সামি।