মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ॥ মৃত ১, জীবিত উদ্ধার ১১
মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান ডিএডি শাহজাহান সিকদার দৈনিক আজকের সংবাদকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
১৪তলা ভবনের ১৩ তলায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা যোগ দিয়েছে। জানা গেছে, খাজা টাওয়ারে বহু মানুষ আটকে আছে। তবে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।
আগুন দেখতে জড়ো হয়েছেন অনেক মানুষ। মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালের তথ্যকেন্দ্রের কর্মী মো. গণমাধ্যমকে জানান, তাদের হাসপাতালে একজন নারীকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার বয়স ত্রিশের মতো হতে পারে। ১৪ তলা ভবনটিতে ব্যাংক, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের নবম ও দশম তলা মিলিয়ে রেইস অনলাইনের কার্যালয়, সার্ভার রুম।
ওই প্রতিষ্ঠানের একজন কর্মী জানান, তাদের একজন নারী সহকর্মী পেছন দিকের বারান্দা থেকে তার ধরে নামার সময় পড়ে গেছেন বলে তারা শুনেছেন। ভবনটি থেকে ওই নারীকে পড়ে যেতে দেখেছেন পবন সাহা নামের এক দোকানকর্মী। তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর সাড়ে ৫টার দিকে ভবনের ১১ বা ১২ তলা থেকে তার ধরে নামার চেষ্টা করছিলেন কয়েকজন।
এসময় বোরকা পরিহিতা একজন নারী নামতে গিয়ে প্রথমে এসির ওপর পড়েন, তারপর নিচে পড়ে যান। “নিচে ভিড়ের মধ্যে থেকে একজন ওই নারীকে ধরার চেষ্টা করেছিলেন। ওই নারী তার ওপর পড়লে তিনিও আহত হন। পরে দুইজনকেই হাসপাতালে পাঠানো হয়।” এরই মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব সদস্যরা সাধারণ মানুষকে সরিয়ে আটকেপড়া মানুষদের নিরাপদে নামিয়ে আনছেন। রাত ৮.৩০ মিনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনের ভেতর থেকে আটকে পড়া ১১ জনকে নিরাপদে সরিয়ে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনের ভয়াবহতা যেন বাড়তে না পারে সেজন্য চারদিক থেকে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।