জলবায়ু সংকটে বিপন্ন বাংলাদেশ, কপ-৩১-এ অনুদানের প্রত্যাশা
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জোরদার, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার সামনে রেখে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। ৯ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান,সাংবাদিক, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য সহায়তা নিশ্চিত করার দাবিও গুরুত্ব পাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের ওপর। ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা আদায়ের বিষয়টি সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অনুদান নিশ্চিত করার দাবি জানাবে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও তুলে ধরা হবে।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের বাস্তবতা অত্যন্ত কঠিন। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সংকট মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা।
এদিকে সম্মেলনের বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন এবং ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পাওয়ার কথা।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু সম্মেলনে প্রতিবছর নানা প্রতিশ্রুতি ও ঘোষণা এলেও বাস্তবে অর্থ ছাড় এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ফলে এবারের সম্মেলনে শুধু প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, অর্থায়নের নিশ্চয়তা এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ জরুরি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। তাই কপ-৩১ সম্মেলনের সাফল্য নির্ভর করবে বিশ্বনেতারা কতটা কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবে কতটা বাস্তবায়ন করেন, তার ওপর।