ভূমি ফেরত ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দুর্গাপুরে আদিবাসীদের সংবাদ সম্মেলন
ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি ও নিজেদের অস্তিত্ব রক্ষার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ। দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধার, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের পাশাপাশি মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার (৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, কারিতাস ও বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা ও আদিবাসী নেত্রী লুদিয়া রুমা সাংমা। তিনি বলেন, দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমতলের আদিবাসীদের অধিকার, উন্নয়ন ও ভূমি সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান তিনি।
আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ বাড়াতে পাঠ্যবইয়ে মাতৃভাষা অন্তর্ভুক্তিরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর দখলি শর্তে আদিবাসীদের নামে বরাদ্দ দিতে হবে। বনায়নের নামে বন বিভাগের মাধ্যমে আদিবাসীদের জমি দখল এবং জমি নিয়ে মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।
তিনি বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন ধরে যেসব আদিবাসী তাদের ভূমি থেকে বঞ্চিত, সেসব জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক সাইমন এ্যান্টনী সাংমা, কারিতাসের প্রতিনিধি সুলগ্না রেমা, ওয়াইডব্লিউসিএর প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিওসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।