নোয়াখালীতে মর্যাদার সাথে সহনশীলতা শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারীদের সুরক্ষায় নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা। রোববার (১৪ জুন) সুবর্ণচর উপজেলায় পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) ১০০ জন নারী সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা দেশের মতো উপকূলীয় অঞ্চলেও দুর্যোগের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে তীব্র তাপপ্রবাহের সময় নারীদের ওপর এর নেতিবাচক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ে। গৃহস্থালি কাজ ও রান্নার কারণে তাঁরা অতিরিক্ত তাপের মুখোমুখি হন, যা তাঁদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) শিকার হওয়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক উপকরণ হিসেবে হাতপাখা, গামছা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া সুবর্ণচরে পল্লী মাতৃকেন্দ্রগুলোকে (আরএমসি) আরও কার্যকর ও স্বাবলম্বী করার লক্ষ্যে ১০টি কেন্দ্রের সভানেত্রীদের হাতে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতাসহ অন্যান্য প্রয়োজনীয় স্টেশনারি উপকরণ তুলে দেওয়া হয়।