ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি- আমিনুল হক
বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে পাঠ্যবইয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষা ব্যবস্থায় আনা হবে আমূল পরিবর্তন—এ কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার দুপুরে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পল্লবী ও রূপনগর থানার এসএসসি/সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আমিনুল হক তার নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা-১৬ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, ডায়েরি ও নগদ অর্থ বিতরণ করেন।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষাও পাঠ্যসূচিতে যুক্ত করা হবে।”
খেলার মাঠ না থাকা স্কুলে অবকাঠামো নির্মাণের কথাও উল্লেখ করে তিনি বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সুযোগ তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, পল্লবী-রূপনগর এলাকার চারটি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে কোনো ভর্তি ফি দিতে হবে না এবং ফল ধরে রাখতে পারলে মাসিক বেতনও মওকুফ করা হবে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে আল্লাহর রহমত সঙ্গে থাকবে।”
অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক ও স্কুলের বিদ্যুৎহিতৈষী সদস্য মোকছেদুর রহমান আবিরের সঞ্চালনায় পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের হিতৈষী সদস্য ইয়াছিন আলী, অধ্যাপক সালমা আক্তার, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর মোস্তারী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।